রাজধানীর পল্লবীতে অবশেষে পতন হলো কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের রাজত্বের। দীর্ঘদিন ধরে শাহজাদী ও তার পরিবারের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ‘দৈনিক সময়ের আওয়াজ’ পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে এক বিশেষ যৌথ অভিযানে শাহজাদীসহ তার ৪ সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।‘দৈনিক সময়ের আওয়াজ’-এ শাহজাদী ও তার পুরো পরিবারের মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের প্রভাব নিয়ে প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ার পরই বেরিয়ে আসে তাদের আসল চেহারা। সেই সংবাদের সূত্র ধরে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পল্লবীর পূর্ব কুর্মিটোলা এলাকায় শাহজাদী বেগমের দোতলা বাড়িতে এই বিশেষ অভিযান চালানো হয়।
মিরপুর সেনা ক্যাম্পের সহযোগিতায় পল্লবী থানা পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান। অভিযানে শাহজাদীর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন এবং ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও তল্লাশিতে ৫টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগম ছাড়াও তার তিন সহযোগী মো. রনি, মো. ইসলাম ও বেলিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন। এলাকায় তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত হলেও প্রভাবশালী হওয়ার কারণে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে ‘দৈনিক সময়ের আওয়াজ’ পত্রিকায় তার ও তার পরিবারের অপরাধের ফিরিস্তি তুলে ধরে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পায় এবং এই সফল অভিযান পরিচালিত হয়।পল্লবী থানার ওসি একে এম আলমগীর জাহান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ জগতের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য তারা সংবাদমাধ্যম ও সাধারণ জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।